তৈমূরের নির্বাচনী সমন্বয়ক মনিরুল ইসলাম গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়কারী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তৈমূর আলম খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'মনিরুল পোলিং এজেন্ট নিয়ে আমার জন্য কাজ করছিল। সেই পোলিং এজেন্টদের নামের তালিকাসহ তারা তাকে ধরে নিয়ে গেছে। এর আগেও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বোঝা যায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।'
গ্রেপ্তারের বিষয়ে এসপি জায়েদুল আলম বলেন, 'মনিরুল ইসলাম রবি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২১ সালের মার্চে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় ২-৩টি মামলা আছে। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।'
'কোনো মামলায় তিনি জামিনেও ছিলেন না,' যোগ করেন তিনি।