ঠাকুরগাঁওয়ে নির্বাচনের ফল ঘোষণার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১
ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের গুলিতে ১ জন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত হামিদুল ইসলাম (৬৫) একই ইউনিয়নের দক্ষিণ আসাননগরের বাসিন্দা ছিলেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজাগাঁও ইউপি নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায় ১ ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মাসুদ রানা বিজয়ী হন এবং ফুটবল প্রতীকের প্রার্থী শাহ আলম পরাজিত হন।
১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার তৌকির আহমেদ ভোটের ফলাফল ঘোষণা করলে ২ সদস্য প্রার্থীর সমর্থকরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে জানান ওসি।
এক পর্যায়ে নির্বাচনী কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কেন্দ্র থেকে বাইরে আসার সময় পরাজিত ফুটবল প্রতীকের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে।
ওসি চিত্ত রঞ্জন জানান, পুলিশের গুলিতে হামিদুল ইসলাম ও শাহীনুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদুরকে মৃত ঘোষণা করেন।
নিহত হামিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এবং এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম ডেইলি স্টারকে জানান, পিঠে গুলিবিদ্ধ শাহীনুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।