ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হারান বিশ্বাস (৬০) কাতলাগাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আগামী ৫ জানুয়ারি সারুটিয়ায় ইউপি নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় ভোট চাওয়াকে কেন্দ্র করে কাতলাগাড়ী বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ৭ জন গুরুতর আহত হলে তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারান মারা যান।
ওসি রফিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি এবং কোনো মামলাও হয়নি বলে জানান তিনি।