জাল ভোট দিতে গিয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী আটক, মুচলেকা দিয়ে ছাড়া
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনকে আটক করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩ ও ৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রকিবুজ্জামান রেনু বলেন, 'জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।'
তিনি আরও জানান, এ ঘটনার পর সহকারি প্রিজাইডিং কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন বলেন, 'আমি আজ ভবানীপুর কেন্দ্র পরিদর্শনে যাই। সেই সময় আমাকে আটকে রাখা হয়। পরে আমার এক ছোট ভাই প্রিজাইডিং অফিসারের কক্ষের জানালার ২টি রড ভেঙে আমাকে উদ্ধার করে।'
তবে সহকারি প্রিজাইডিং কর্মকর্তার ওপর হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।