চট্টগ্রামে ২ সদস্য প্রার্থীর সমর্থকের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ সদস্য প্রার্থীর সমর্থকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ২ সদস্য প্রার্থীর সংঘর্ষ শুরু হলে অংকুর দত্ত (৩৮) আহত হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, অংকুর কি সাধারণ ভোটার ছিলেন নাকি কোনো সদস্য প্রার্থীর কর্মী ছিলেন এব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
চমেক পুলিশ ক্যাম্পের এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে চমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার।