কৃষিক্ষেত্রে অবদানে ‘এআইপি’ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন ১৩ জন
কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পাচ্ছেন ১৩ জন। তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি হিসেবে ঘোষণা করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কৃষি উদ্ভাবন জাত/প্রযুক্তি ক্যাটাগরিতে ৪ জন, কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ক্যাটারিতে ৬ জন, স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি ফসল/মৎস্য/ প্রাণিসম্পদ/বনজসম্পদ/উপখাতভুক্ত সংগঠন ক্যাটাগরিতে ১ জন, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার স্বর্ণপদক ১ জনসহ মোট ১৩ জন ২০২০ সালের জন্য এই সম্মাননা পাচ্ছেন।
কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বীকৃতি দিতে ২০১৯ সালে একটি নীতিমালা তৈরি করে সরকার। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা দ্য ডেইলি স্টারকে বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) মতো কৃষিখাতে অবদানের স্বীকৃতি হিসেবে এআইপিদের সম্মানিত করা হবে।
পুরস্কারপ্রাপ্তরা এক বছরের মেয়াদে সচিবালয়ে ঢোকার পাস, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান ও রেলের টিকিটে অগ্রাধিকার এবং নিজে ও পরিবারের সদস্যদের সরকারি হাসপাতালে চিকিৎসায় কেবিনে অগ্রাধিকার পাবেন।
অধ্যাপক ড. লুৎফুল হাসান, আতাউস সোপান মালিক, সৈয়দ আব্দুল মতিন, আলীমুছ ছাদাত চৌধুরী, মো. সেলিম রেজা, মো. মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, মো. মাহফুজুর রহমান, মো. বদরুল হায়দার বেপারী, মো. শাহবাজ হোসেন খান, মো. সামছুদ্দিন, মো. জাহাঙ্গীর আলম শাহ, মোছা. নুরুন্নাহার বেগম ও মো. শাহজাহান আলী বাদশা।