কালবৈশাখীতে চট্টগ্রামে স্পিড বোট ডুবি, নিখোঁজ ১ শিশু
কালবৈশাখীর কারণে চট্টগ্রামের সন্দ্বীপ-কুমিরা রুটে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট ডুবে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক শিশু নিখোঁজ আছে।
সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
সন্দ্বীপের গুপ্তাছড়া ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগরে প্রবল ঝোড়ো হাওয়ার কারণে গুপ্তাছড়া ঘাটের কাছে স্পিড বোটটি ডুবে যায়। খবর পেয়ে অপর একটি স্পিড বোট ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। তবে একটি শিশু ঘটনার পর নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।'
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, 'পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।'
সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট খীসা দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।'