করোনায় জরুরি ক্রয়ের ৩৫০ কোটি টাকা পরিশোধে সংসদীয় কমিটির সুপারিশ
করোনা মহামারির সময় জরুরিভিত্তিতে কেনা ৩৫০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষা সামগ্রীর টাকা দ্রুত পরিশোধ করতে সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ রোববার জাতীয় সংসদে বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, 'করোনার শুরুতে জরুরিভিত্তিতে কেনাকাটা হয়েছিল, কিন্তু ঠিকাদারদের সেই টাকা পরিশোধ করা হয়নি। এখন বলছে, ওই সময় নিয়ম না মেনে কেনাকাটা হয়েছে। যারা সরবরাহকারী তারা তো মালপত্র দিয়েছে। তাদের তো দোষ নেই। আমরা বলেছি, আমলাতান্ত্রিকতা না করে টাকা দিয়ে দিতে হবে।'
'প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত। অর্থ মন্ত্রণালয় এখানে আপত্তি দিচ্ছে। আমরা বলেছি, তার কাছে একটা চিঠি পাঠাতে। তিনি যেভাবে বলবেন টাকা সেভাবে পরিশোধ করতে হবে,' বলেন তিনি।
দেশে করোনা প্রাদুর্ভাবের প্রথম ৩ মাসে (গত বছর মার্চ-মে) সরকারের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ৩৫৪ কোটি টাকার সুরক্ষা সামগ্রী কেনা হয়। সে সময় ৫৭ প্যাকেজে এসব সুরক্ষা, করোনা পরীক্ষা ও চিকিৎসা সামগ্রী কেনা হয়।
এর মধ্যে ৩৪৩ কোটি টাকা প্রায় এক বছর পর গত বছরের ১২ এপ্রিল অর্থ মন্ত্রণালয় সিএমএসডিকে সরবরাহকারীদের দেওয়ার জন্য বরাদ্দ দেয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিক কোনো নির্দেশনা না দেওয়ায় সিএমএসডি সেই অর্থ সরবরাহকারীদের দিতে পারছে না।
সিএমএসডি সাবেক পরিচালক প্রয়াত মোহম্মদ শহীদুল্লাহর সময় হওয়ায় এসব কেনাকাটায় অনিয়মের অভিযোগ এনে সে সময়ের সব ধরনের সরবরাহের বিল আটকে দেন পরের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান। তার মূল অভিযোগ, এসব কেনাকাটায় বিধিবিধান ঠিকমতো অনুসরণ করা হয়নি।
এসব অভিযোগ তদন্ত করে বিল পরিশোধের ব্যাপারে সিএমএসডিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সিএমএসডির পক্ষ থেকে গত বছর ৩টি চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।
গত বছরের ৯ ফেব্রুয়ারি এবং ২ ও ২৩ মে দেওয়া চিঠিতে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা এবং সমাধানে নির্দেশনা চায় সিএমএসডি কর্তৃপক্ষ। কিন্তু কোনো চিঠিরই উত্তর দেয়নি মন্ত্রণালয়।
পরে এ নিয়ে তদন্তও শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব ঠিকাদাররা সংসদীয় কমিটির কাছেও তাদের দাবির কথা জানান।
বৈঠকে শেষে শেখ সেলিম বলেন, 'ওই সময় যদি অনিয়ম হয়, তাহলে সেটা তো সরবরাহকারীরা করেনি। তাহলে তাদের টাকা কেন আটকে রাখবে? আমরা সেটাই বলেছি। স্বাস্থ্যমন্ত্রীও এই টাকা দিয়ে দিতে চান। অনিয়ম যদি হয়ে থাকে সেটা সিএমএসডি করেছে। সরবরাহকারীরা তো করেনি। তাহলে তাদের টাকা আটকে রাখবে কেন?'
এ বিষয়ে মন্ত্রণালয় বৈঠকে জানায়, তদন্ত কাজ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ দিকে গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগসের প্ল্যান্টে টিকা উৎপাদন ও বোতলজাত করার প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগ্রহী বলে জানান কমিটির সভাপতি।
তিনি বলেন, 'এডিবি পরিদর্শন করে এসেছে। প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প। জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা মিটে গেছে। আমরা বলেছি দ্রুত যাতে বোতলজাত শুরু করতে পারি সে ব্যবস্থা নিতে হবে। এখন যদি কনসালটেন্ট নিয়োগ করে, টেন্ডার করে শুরু করে তাহলে আরও দেরি হবে। আমরা বলেছি দ্রুত করার জন্য কোনো প্রক্রিয়া থাকলে সেটা অনুসরণ করতে হবে।'