ইকবালসহ ৪ জনের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় করা ধর্ম অবমাননার মামলায় ইকবাল হোসেন এবং অপর ৩ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার বিকেলে কুমিল্লার ১নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।
সিআইডির স্পেশাল পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিল সিআইডি। আদালত ৩ দিনের রিমান্ডের আদেশ দেওয়ায় সিআইডি আদেশ পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ পিটিশন জমা দিয়েছে। সে কারণে আসামি ইকবাল হোসেন, ইকরাম, ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবিরকে আপাতত জেল হাজতে পাঠানো হয়েছে।
আদালত রিভিউ পিটিশন সংক্রান্ত শুনানি করার পর তাদের রিমান্ডে নেওয়া হবে। শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
খান মোহাম্মদ রেজওয়ান আরও জানান, ধর্ম অবমাননার মামলার সঙ্গে সিআইডি সন্ত্রাস দমন আইনের বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করারও আবেদন জানিয়েছে।
গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় গত ২১ অক্টোবর কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৩ অক্টোবর কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে তার ১০ দিনের রিমান্ড চাইলে আদালত প্রথম দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফায় ৫দিনের রিমান্ডের পর আজ দুপুরে তাদের আদালতে তোলা হয়।
এ ছাড়া, আজ কুমিল্লার ঠাকুরপাড়া মন্দিরে ভাংচুর হামলা মামলায় গ্রেপ্তার ১৮ জনের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ১৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লার ১নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ।
আদালত পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।