‘বিদেশি ষড়যন্ত্র’ তদন্তে কমিশন, প্রধান হতে রাজি নন লে. জে. তারিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাতে যুক্তরাষ্ট্রের 'তথাকথিত হুমকির' বিষয়ে তদন্ত কমিশনের প্রধান হতে অস্বীকার করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক খান।
তার পরিবারের সূত্রের বরাত দিয়ে শুক্রবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
তবে সরকারের কমিশন গঠনের সিদ্ধান্তকে তারিক খান স্বাগত জানিয়েছেন বলে সূত্র জানিয়েছে।
এর আগে আজ বিকেলে পাকিস্তানের তথ্য ও আইন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছিলেন যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক খানকে প্রধান করে এই কমিশন গঠন করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, 'বিরোধী পার্লামেন্ট মেম্বারদের মধ্যে কতজন বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রেখেছেন তা তদন্ত করে ৯০ দিনের মধ্যে কমিশন তাদের রিপোর্ট পেশ করবে।'
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত ২ এপ্রিল এক সাক্ষাৎকারে বিদেশি দেশের পাঠানো একটি 'হুমকি চিঠির' কথা উল্লেখ করে বলেছিলেন যে তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত ওই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় না।
তার বিরুদ্ধে 'বিদেশি ষড়যন্ত্র' চলছে এবং এর পরিপ্রেক্ষিতেই পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এসেছে বলে দাবি ইমরানের।
দেশটির সুপ্রিম কোর্ট গতকাল প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত 'অসাংবিধানিক' বলে ঘোষণা দেওয়ার এবং পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেওয়ার পর আজ 'হুমকি' তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
কমিশন গঠনের বিষয়টি জানিয়ে তথ্যমন্ত্রী ফাওয়াদ বলেন, 'আমাদের কাছে ৮ জন বিরোধী পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে বিদেশিদের সঙ্গে যোগাযোগের প্রমাণ আছে।'
তিনি বলেন, অনাস্থা প্রস্তাবের ভোটের আগে 'হুমকি চিঠির' বিস্তারিত বিষয়ে সংসদ সদস্যদের জানানো হবে।
