জাতীয় পরিষদ থেকে ইমরান খানের পদত্যাগের সিদ্ধান্ত: জিও নিউজ
পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জাতীয় পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানায়।
এর আগে, ক্ষমতাচ্যুতির পর এই প্রথম পার্লামেন্ট ভবনে যান পিটিআই চেয়ারম্যান ইমরান খান।
ইমরান খানের আগমনে পার্লামেন্ট ভবনের বাইরে সমর্থকরা তার পক্ষে স্লোগান দেন।
সেসময় পিটিআই নেতা-কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে জানতে চাইলে ইমরান খান বলেন, 'ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ।'
পদচ্যুত হওয়ায় ইমরান খানের আহ্বানে গতরাতে দেশটির রাস্তায় নেমে বিক্ষোভ করেন হাজারো পিটিআই সমর্থক।
জিও নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে কৌশল ঠিক করতে এবং জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে আজ ইমরান খানের বৈঠকের কথা রয়েছে। কারণ ইতোমধ্যে এসব বিষয় নিয়ে তার দলের মধ্যে বিভাজন দেখা দিয়েছে।