এই অনাস্থা প্রস্তাব একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার বলেছেন, একজন অধিনায়ক কখনোই তার কৌশল কাউকে জানান না। তবে, আমি আবারও বলছি- এই অনাস্থা প্রস্তাব একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র।
পাকিস্তানের একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে।
ইমরান খান বলেন, তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও পদত্যাগ করবেন না। তার দল থেকে চলে যাওয়া ব্যক্তিদের নিয়ে বিরোধীরা সরকার চালাতে সক্ষম হবে না।
তিনি আরও যোগ করেন, আগাম নির্বাচন হলে আরও ভালো হবে।
ইমরান খান বলেন, তাকে তিনটি বিকল্প দেওয়া হয়েছে। যার মধ্যে আছে অনাস্থা প্রস্তাব, তার পদ থেকে পদত্যাগ অথবা নতুন নির্বাচন।
অনাস্থা প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রোববার পার্লামেন্টে যখন অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে তখন তিনি 'আরেকটি চমক' আনবেন।
পাকিন্তানি প্রধানমন্ত্রী বলেন, একটি বিদেশি দেশের পাঠানো 'চিঠিতে' বলা হয়েছে, তিনি ক্ষমতায় না থাকা পর্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যেতে পারবে না।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ইমরান খান দেশের নাম উল্লেখ করেননি। তবে, গত রোববার একটি টেলিভিশন ভাষণের সময় তিনি স্পষ্টত বলেছিলেন, যুক্তরাষ্ট্রই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আমাদের দূতকে বলা হয়েছে- ইমরান খান অগ্রহণযোগ্য এবং তাকে অপসারণ করা উচিত। প্রধানমন্ত্রী ইমরান খানের অপসারণের পরে দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে নজর দেওয়া হবে।

