ইমরানের ‘ভাগ্য নির্ধারণ’ সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন ইসলামাবাদের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার আসাদ কায়সার।
এর আগে, সকাল সাড়ে ১০টায় এই অধিবেশন শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশটির জাতীয় সংগীত এবং সুরা ফাতিহা পাঠ করা হয়।
অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ এবং পরে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী। তবে মুলতবির আগ পর্যন্ত অধিবেশনে উপস্থিত ছিলেন না ইমরান খান।
সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে আজকের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিতের কথা রয়েছে। ফলে সব চোখ এখন দেশটির জাতীয় পরিষদের দিকে স্থির।
ভোটে হারলে ক্ষমতাচ্যুত হবেন ইমরান খান। আর জিতে গেলে এ যাত্রায় টিকে যাবেন তিনি।
আজ জাতীয় পরিষদের অধিবেশনে উপস্থিত আছেন বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি, পিএমএল-এন সহ-সভাপতি মরিয়ম নওয়াজসহ অনেকেই।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এমন ধারণা সত্ত্বেও ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এখনো অনড় অবস্থানে থাকার কথা জানিয়ে বলছে যে, তারা বিরোধীদের কাছে এতো সহজে রাজনীতির মাঠ ছেড়ে দেবে না। এ ছাড়া, বিরোধীদের সব পরিকল্পনাকে কঠিন করে তোলারও অঙ্গীকার করেছে পিটিআই। তা ভোটের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে হোক, কিংবা বিরোধীদের মনোনীত প্রার্থী শেহবাজ শরীফকে নির্বাচনে যেতে বাধা দিয়ে হোক।