আর্থিক সংকটে ইরাক, নরওয়েতে শ্রীলঙ্কার দূতাবাস সাময়িক বন্ধ

স্টার অনলাইন ডেস্ক

প্রতিবেশী শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট এমন চরমে পৌঁছেছে যে ইরাক ও নরওয়েতে দেশটির দূতাবাস সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়াও, অস্ট্রেলিয়ার সিডনিতে শ্রীলঙ্কার কনসুলেট জেনারেল অফিসও সাময়িকভাবে বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দূতাবাস সাময়িক বন্ধের সিদ্ধান্ত আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার সংকটের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ কারণে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হবে না।

দূতাবাস সাময়িক বন্ধের ফলে সুইডেন থেকে নরওয়ে ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইরাকের মিশন পরিচালিত হবে। পাশাপাশি, অস্ট্রেলিয়ায় হাইকমিশনের মাধ্যমে সিডনির কনসুলেট জেনারেল অফিস পরিচালিত হবে।