আমি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী: শাহবাজ

স্টার অনলাইন ডেস্ক

নিজেকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির বিরোধী জোটের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ।

গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাহবাজ গণমাধ্যমকে বলেছেন, যদি আগামীকাল শনিবার অনাস্থা ভোটে ইমরান খানকে পরাজিত করা যায়, তাহলে বিরোধী জোটের পক্ষ থেকে তিনি হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

ইতোমধ্যে তাকে এই পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

গতকাল পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল ও শনিবার অনাস্থা ভোটের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের স্বপ্রণোদিত রুল জারির পর বিরোধী জোট যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শাহবাজ সেখানে তার পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থিতার কথা জানান।

বিরোধীরা মনে করছে, সুপ্রিম কোর্টের রায়ে তাদের বিজয় হয়েছে এবং আগামীকাল পার্লামেন্টেও তাদের বিজয় হবে। অর্থাৎ ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া যাবে।

ক্ষমতাসীন জোটের কয়েকজন সদস্য সমর্থন সরিয়ে নেওয়ায় ইমরান খানের সরকার পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে।