আজ সরকারের বক্তব্য শুনবেন পাকিস্তান সুপ্রিম কোর্ট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নাকচ সংক্রান্ত দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের দেওয়া রুলের ওপর সরকারের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।
আজ বুধবার এই শুনানি হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, আজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নাকচ ও প্রধানমন্ত্রীর অনুরোধে প্রেসিডেন্ট ড. আরিফ আলভির জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সংক্রান্ত সরকার বক্তব্য শুনবেন।
গত ৩ এপ্রিল জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম শাহ সুরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে 'অসাংবিধানিক' বলে রুল জারি ও অধিবেশন শুরুর ৩০ মিনিটের মধ্যে তা মুলতবি ঘোষণা করেন।
আজ স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই শুনানিতে অংশ নেবে। সরকারের পক্ষে বক্তব্য রাখবেন আইনজীবী ড. বাবর আওয়ান, সিনেটর আলি জাফর ও ইমতিয়াজ সিদ্দিকী।
এর আগে গতকাল বিরোধীদের বক্তব্য শুনেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ।