অবশেষে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট শুরু

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এর কয়েক মিনিট আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো বিদেশি ষড়যন্ত্রে অংশ নিতে পারবেন না।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে কায়সার বলেন, তিনি মন্ত্রিসভার কাছ থেকে 'গুরুত্বপূর্ণ নথি' পেয়েছেন, যা দেখার জন্য তিনি বিরোধীদলীয় নেতা ও পাকিস্তানের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের আইন ও দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতি রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি স্পিকারের পদে থাকতে পারব না। যেহেতু এটি একটি জাতীয় দায়িত্ব এবং এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তাই আমি প্যানেলের চেয়ারম্যান আয়াজ সাদিককে অধিবেশন চালানোর জন্য বলব।

এর আগে, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণের জন্য ডাকা অধিবেশনটি ভোটাভুটি হওয়ার আগে একাধিকবার স্থগিত করা হয়।