মুম্বাই থেকে জয়পুরে ক্যাটরিনা-ভিকি
বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের খবর। সর্বশেষ খবর হলো, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে আজ সোমবার মুম্বাই বিমানবন্দর থেকে ফ্লাইটে জয়পুর যেতে দেখা গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ আজ ৬ ডিসেম্বর জয়পুরে উড়ে গেছেন। ক্যাটরিনা ও তার মা একসঙ্গে বিমানবন্দরে পৌঁছান। এসময় ভিকিকে তাদের অনুসরণ করতে দেখা যা। ক্যাটরিনা ঐতিহ্যবাহী হলুদ পোশাক পরেছিলেন। তাকে দেখে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছিল। তিনি বেশ আনন্দের সঙ্গে পাপারাজ্জিদের দিকে হাত নাড়েন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর-কনে, তাদের পরিবার এবং বন্ধুরা আজ বিয়ের স্থানে পৌঁছাবেন। আগামী ৭ ডিসেম্বর থেকে প্রাক-বিবাহ উৎসব শুরু হবে। জানা গেছে, আগামীকাল ৭ ডিসেম্বর তাদের মেহেদী উৎসব হবে। এরপর ৮ ডিসেম্বর একটি সঙ্গীত অনুষ্ঠান হবে। সূত্র মতে, করণ জোহর এবং ফারাহ খান সঙ্গীত কোরিওগ্রাফি করবেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। ৭ ডিসেম্বর থেকে উদযাপন শুরু হবে। রাজস্থানের সাওয়াই মাধোপুরের হোটেল সিক্স সেন্স বরওয়ারা দুর্গে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বিয়ের অতিথিদের জন্য ইতোমধ্যে বিলাসবহুল রিসোর্টের ব্যবস্থা করা হয়েছে।