‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানটি আজও নতুন: অঞ্জনা

জাহিদ আকবর
জাহিদ আকবর

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান গতকাল সোমবার মারা গেছেন। প্রিয় পরিচালককে হারিয়ে শোকাহত অভিনেত্রী অঞ্জনা রহমান। এই পরিচালকের 'অশিক্ষিত' সিনেমায় নায়করাজ রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

দ্য ডেইলি স্টারকে অভিনেত্রী অঞ্জনা বলেন, 'একজন কালজয়ী নির্মাতা তিনি। আমি তার পরিচালিত ৫ নম্বর সিনেমার "অশিক্ষিত"র নায়িকা ছিলাম। আমার বিপরীতে ছিলেন রাজ্জাক ভাই।'

তিনি আরও বলেন, 'অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন আজিজ ভাই। একে একে সব গুণী মানুষ চলে যাচ্ছেন। আমার নায়িকা হওয়ার পেছনে তার অবদান অনেক। "অশিক্ষিত" সিনেমায় একক নায়িকা হিসেবে আমাকে নির্বাচন করেন তিনি। সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ১০টি শিক্ষণীয় সিনেমার একটি।'

'এই সিনেমার "ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে" গানটি শ্রোতাদের আজও আন্দোলিত করে,' যোগ করেন তিনি।

আজিজুর রহমান পরিচালিত 'মেহমান' ও 'ফুলেশ্বরী' সিনেমায় অভিনয় করেছেন উল্লেখ করে অঞ্জনা বলেন, 'এই কালজয়ী পরিচালকের সিনেমায় অভিনয় করা ছিল প্রতিটি নায়ক-নায়িকার জন্য সম্মানের।'