অনুপম-পিয়ার বিচ্ছেদ

স্টার অনলাইন ডেস্ক

কলকাতার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার অনুপম রায় ও পিয়া চক্রবর্তী ৬ বছরের সংসার জীবনের ইতি টানলেন। এই দম্পতি তাদের বিচ্ছেদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন।

অনুপম রায় এবং পিয়া দু'জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেছেন। যেখানে তারা বিচ্ছেদের জন্য ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

টুইটারে একটি নোট শেয়ার করে অনুপম লিখেছেন, আমরা পারস্পরিকভাবে আমাদের বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে, বন্ধু হিসেবে আমরা একজন আরেকজনের পাশে থাকব। আমাদের একসঙ্গের যাত্রাটি সুন্দর ছিল এবং মূল্যবান অভিজ্ঞতা হয়েছে। আমাদের এই সময়টা সুখী স্মৃতিতে পূর্ণ থাকবে। ব্যক্তিগত কারণে আমরা মনে করি স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হওয়াই শ্রেয়।

তিনি আরও লিখেছেন, আমরা সব বন্ধু, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা। যারা এখনো পর্যন্ত আমাদের প্রতিটি উদ্যোগে সমর্থন করেছেন।

২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। অনুপম আমাকে আমার মতো থাকতে দাও গান দিয়ে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রে গান লেখা ছাড়াও অনুপম রায়ের ৪টি একক অ্যালবাম আছে।