সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফসল রক্ষার বৈদ্যুতিক ফাঁদে পড়ে একটি এশিয়ান হাতির মৃত্যু হয়েছে

আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মইত্তাতলী বিলে এ ঘটনা ঘটে।

হাতিটির বয়স ৫০ বছর এবং এটি একটি পুরুষ হাতি বলে বন কর্মকর্তা জানিয়েছেন।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফসলে হাতির আক্রমণ ঠেকাতে কয়েকজন বৈদ্যুতিক তার বসিয়েছিলেন। সকালে বয়স্ক হাতিটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে গেলে এটির মৃত্যু হয়।'

স্থানীয়রা জানান, হাতির শুঁড় থেকে রক্ত ​​বের হচ্ছিল।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম চৌধুরী ডেইলি স্টারকে জানান, তারা হাতির মৃত্যুর কারণ বিষয়ে নিশ্চিত হতে ভেটেরিনারি সার্জনের সঙ্গে একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ময়নাতদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

এশিয়ান হাতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের (আইইউসিএন) তালিকায় বিপন্ন শ্রেণীভুক্ত। এর সংখ্যা বিভিন্ন হুমকির কারণে হ্রাস পাচ্ছে।