শরণখোলা থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে উদ্ধার করা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন খুরিয়াখালী গ্রামের জামাল গাজীর বাড়ি থেকে বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের সদস্যরা এই বিশাল অজগরটি উদ্ধার করেন।
পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, 'ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে আমাদের খবর দেয়। পরে আমরা অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করি।'
তিনি জানান, উদ্ধারকৃত অজগরটি ছিল ২০ ফুট লম্বা। ওজন ছিল ৪০ কেজি। খাবারের খোঁজে এসে সাপটি জামাল গাজীর বাড়িতে অবস্থান নেয়। গত ১ বছরে এমন শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।