বাঁশখালী থেকে মৃত হাতি উদ্ধার, ৫ দিনে ৪ হাতির মৃত্যু
চট্টগ্রামের বাসখালী থেকে আরও একটি এশিয়ান হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে সারা দেশে ৪টি হাতির মৃত্যু হলো।
আজ শুক্রবার সকালে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার একটি ধান ক্ষেত্রের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এ বিষয়ে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা ধানক্ষেতের পাশে হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়।'
তিনি আরও বলেন, 'আমরা বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি।'
তবে, এ বিষয়ে কথা বলার জন্য ফোনে চেষ্টা করা হলেও বন বিভাগের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
গত ৫ দিনে সারা দেশে ৪টি হাতির মৃত্যু হল। সেগুলোর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে ৩টি ও শেরপুর থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়।