যথেষ্ট সাহস নিয়ে খেলেনি ভারত!
বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘেই কি কাবু হয়ে গেল ভারতীয় দল? অধিনায়ক বিরাট কোহলির কথায় তেমন আভাসই যে মিলছে। দুবাইতে রাতের ম্যাচে টস হয়ে যায় বড় ফ্যাক্টর, শিশিরের কারণে পরে ব্যাট করা হয় সহজ। এই সমীকরণে টস হারার পরই যেন আতঙ্ক ভর করল ভারতকে। যার ফলে ম্যাচ হয়েছে একপেশে।
দুবাইতে রোববার রাতে টস হেরে আগে ব্যাট করতে গিয়ে চূড়ান্ত বাজে ব্যাটিং প্রদর্শনী দেখায় ভারতের তারকারা। ট্রেন্ট বোল্টের পেস, ইশ সোধির লেগ স্পিনের যেন কোন জবাব ছিল না তাদের। ধুঁকতে ধুঁকতে কোনমতে তিন অঙ্ক পার করে তারা। তাও রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২৬ রান না করলে সেই পুঁজি আসত না।
১১০ রানের মামুলি ৩৩ বল আগে টপকে ৮ উইকেটে জিতে যায় কেইন উইলিয়ামসনের দল। এতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের আশা অনেকটা মিইয়ে গেল শিরোপা প্রত্যাশীদের। ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে এসে সাহস নিয়েই নিজেদের সাহসহীনতার কথা বলে দিলেন কোহলি, 'খুবই অদ্ভুত...সত্যি কথা বলতে আমরা ব্যাটে বলে যথেষ্ট সাহসী ছিলাম না। আমাদের অবশ্যই যথেষ্ট পুঁজি ছিল না, কিন্তু শরীরী ভাষায় যথেষ্ট তেতে উঠতে পারেনি। নিউজিল্যান্ড আরও ভালো শরীরী ভাষা দিয়ে আমাদের হারিয়েছে। শুরু থেকে তারা আমাদের চাপে রেখেছিল।'
এমন হারে স্বাভাবিকভাবেই হতাশ ভারতের সাবেক ক্রিকেটারা। দুর্বল শরীরী ভাষার ছবি যেমন চোখে পড়েছে বীরেন্দ্রর শেবাগেরও। টুইটারে তিনি আহবান করেছেন আত্ম উপলব্ধির, 'খুবই হতাশ করল ভারত। নিউজিল্যান্ড ছিল দুর্দান্ত। ভারতের শরীরী ভাষা খুব ভালো ছিল না, বাজে শট নির্বাচনও কাল হলো। নিউজিল্যান্ড আমাদের পরের ধাপে যাওয়ার পথ অনেকটা বন্ধ করে দিল। এটা ভারতকে আহত করবে। সময় এসেছে আত্ম উপলব্ধির।'
সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মনে করছেন, শূলে চড়ানো উচিত কোচিং স্টাফকেও, 'কোহলিদের একার দায় না, দায়ভার নিতে হবে কোচদেরও।'