ভারত দলের একটি অংশ কোহলির বিপক্ষে, বললেন শোয়েব

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মলিন পারফরম্যান্সে বিস্মিত ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটবোদ্ধারা। সেই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও। তার ধারণা, ভারতের এই বেহাল দশার কারণ হলো দলের মধ্যে বিভক্তি। তাদের একটি অংশ আবার অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে!

আসরের সুপার টুয়েলভে দুই ম্যাচ খেলেও জয়হীন ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে উড়ে গেছে তারা। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো, তারকায় ঠাসা দল নিয়েও কোনো ম্যাচেই বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তারা। টানা দুই হারে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে গেছে।

গত রোববার নিউজিল্যান্ডের কাছে হারে মানে ভারত। এরপর নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শোয়েব নিয়ে আসেন দলে বিভক্তির বিষয়টি, 'কেন আমি দেখতে পাচ্ছি যে দলের মধ্যে দুটি গ্রুপ রয়েছে? একটা কোহলির পক্ষে, আরেকটা কোহলির বিপক্ষে। এটা খুবই স্পষ্ট। দলটাকে বিভক্ত দেখা যাচ্ছে।'

তবে কেন এমনটা মনে হচ্ছে সেটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত পেসার, 'আমি জানি না, কেন এমনটা হচ্ছে। হয়তো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে এটাই (কোহলির) শেষ বিশ্বকাপ, তাই।'

kohli duck
ছবি: টুইটার

শোয়েবের মতে, গত দুই ম্যাচে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। তবে এতে অসম্মানের পাত্র হয়ে যাননি তর্কসাপেক্ষে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, 'হয়তো সে কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্যি। তবে সে দারুণ একজন ক্রিকেটার। আর আমাদের সবার উচিত তাকে সম্মান করা।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে অবশ্য তাদেরকে ধুয়ে দিয়েছেন তিনি, 'সমালোচনা হবে। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে তারা বাজে ক্রিকেট খেলেছে। তাদের ভুল মানসিকতা দেখিয়েছে। টস হারার পরপরই তাদের সবার মাথা নিচু হয়ে গিয়েছিল।'

আগামীকাল বুধবার সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। সেমির আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কোহলিদের। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।