ভারতের এমন হারে হতাশ পাকিস্তানিরাও

স্পোর্টস ডেস্ক

চির প্রতিদ্বন্দ্বী ভারতকে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় ধাক্কা দিয়েছিল পাকিস্তানই। সেই পাকিস্তানের ক্রিকেটাররাই নিউজিল্যান্ডের কাছে ভারতের অসহায় আত্মসমর্পণে হতাশা জানাচ্ছেন। বিশ্বকাপে জৌলুসের স্বার্থেও ভারতের টিকে থাকার দরকার দেখছেন তারা।

রোববার রাতে দুবাইতে ব্যাটিং ব্যর্থতায় মামুলি পুঁজি পাওয়ার পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে উড়ে যায় ভারত। এই হারে তাদের সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই কঠিন। ভারতকে বাকি তিন ম্যাচ শুধু জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে অনেক সমীকরণের।

ভারত যদি বড় ব্যবধানে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারায়। এবং আফগানিস্তান যদি কম ব্যবধানে নিউজিল্যান্ডকে হারায় তবেই তৈরি হতে পারে একটা সম্ভাবনা। আফগানিস্তান থেকে নেট রান রেটে অনেক পিছিয়ে থাকায় বিরাট কোহলিদের মেলাতে হবে অসম্ভব এক সমীকরণই। অর্থাৎ তিন ম্যাচ বাকি থাকতেও ভারতের বিদায়ের সুর অনেকটাই চড়া বলা চলে।

এমন অবস্থায় পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলি টুইটারে ভারতের বিদায়ের শঙ্কায় হতাশা জানিয়েছেন এভাবে,  'ভারতের অবস্থা ভালো না, কিন্তু আমরা সবাই চাই ভারত টুর্নামেন্টে টিকে থাকুক। ভারতের আগেভাগে ছিটকে যাওয়া এই আসরের জন্য ভালো নয়।'

কিংবদন্তি ইনজামাম-উল হকও বিস্মিত কণ্ঠে হতাশা জানিয়েছেন ভারতের পারফরম্যান্সে, 'ভারতের ক্রিকেটারদের দেখলাম প্রচুর মানসিক চাপ নিয়ে খেলতে। বুঝলাম না এত বড় দলের এই অবস্থা কেন। তাদের আতঙ্কিত হয়ে অনেক উলটপালট করতে দেখলাম। সাদামাটা স্পিনারদের বিপক্ষেও তারা ধুঁকল। সত্যিই হতাশাজনক।'

টুইটারে ভিডিও পোস্টে কিংবদন্তি পেসার শোয়েব আখতার বিস্মিত ভারতের পরিকল্পনায়, 'আমি বুঝলাম না ভারত কোন পরিকল্পনা নিয়ে নেমেছিল। তরুণ ইশানকে উপরে পাঠিয়ে দিল। হার্দিক পান্ডিয়ার ভূমিকাটাও বুঝলাম না। কোন পরিকল্পনাই ছিল না। টস হারার পর তারা আতঙ্কিত হয়ে গেল। তাদের খুব সাদামাটা লাগল আমার।'