বোর্ডের নির্দেশনার পর 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে খেলছেন না ডি কক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে খেলছেন না কুইন্টন ডি কক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি তারকা ওপেনার। দেশটির ক্রিকেট বোর্ড (সিএসএ) সব খেলোয়াড়কে বর্ণবৈষম্যের বিরুদ্ধে মাঠে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানানোর নির্দেশনা দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের টসের সময় ডি ককের না খেলার বিষয়টি জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে এই ম্যাচের একাদশে নেওয়া হয়েছে আগ্রাসী ব্যাটসম্যান রিজা হেন্ড্রিকসকে। আর উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে হেইনরিখ ক্লাসেনকে। বাভুমা তখন বলেন, 'ব্যক্তিগত কারণ দেখিয়ে সে (ডি কক) সরে দাঁড়িয়েছে।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সব খেলোয়াড় হাঁটু গেঁড়ে বসে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বার্তা দেননি। তাদের মধ্যে ছিলেন ডি ককও। বিষয়টিকে 'ব্যক্তিগত সিদ্ধান্ত' জানিয়ে অবশ্য আগে থেকেই এমনটা করে আসছিলেন তিনি। তবে আগের দিন সোমবার বৈঠক ডেকে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সমর্থনে সম্মিলিত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার বোর্ড। এরপর আনুষ্ঠানিক বিবৃতিতে আসরের বাকি ম্যাচগুলোতে ক্রিকেটারদের হাঁটু মুড়ে বসার নির্দেশনা দেওয়া হয়।
সিএসএ জানায়, 'বিশ্বকাপে একাধিক দল ধারাবাহিকভাবে এই ইস্যুতে (বর্ণবৈষম্যের বিরুদ্ধে) অবস্থান নিয়েছে। বোর্ড মনে করছে, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দেরও এখন থেকে এটা করা উচিত।'
ডি ককের না খেলার সিদ্ধান্তের বিষয়টি আমলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছে তারা। পাশাপাশি হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানানোয় বাকি খেলোয়াড়দের ধন্যবাদও জানিয়েছে তারা।