বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের নতুন রেকর্ডের সুযোগ দেখেছেন ডমিঙ্গো
সুপার টুয়েলভের তিন ম্যাচেই হার। নিতান্তই যদি অলৌকিক কিছু না হয় তাহলে পরের ম্যাচদুটি জিতলেও কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের। সেক্ষেত্রে টাইগারদের এবারের বিশ্বকাপ মিশন সম্পূর্ণ ব্যর্থই বলা চলে। কারণ লক্ষ্যটা ছিল সেমি-ফাইনাল। কিন্তু বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রেক্ষাপটে এখনও সেরা সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন কোচ রাসেল ডমিঙ্গো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের তিন ম্যাচে জয় পেলেও মূল পর্বে কখনোই একটি জয়ের বেশি পায়নি বাংলাদেশ। যদিও এ সংস্করণের বিশ্বকাপে পা রেখে প্রথম ম্যাচেই জয় পেয়েছিল দলটি। আর এখানেই বাংলাদেশের নতুন রেকর্ডের সুযোগ দেখছেন ডমিঙ্গো। শেষ দুটি ম্যাচ জিতলে অতীত সাফল্যকে ছাড়িয়ে যাবেন বলে জানান এ প্রোটিয়া কোচ।
সোমবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, 'এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ কেবল মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। সেই রেকর্ড উন্নতি করার সুযোগ আছে, পরের দুই ম্যাচ জেতার চেষ্টা করে। এটি আমাদের জন্য একটি বড় পদক্ষেপ হবে। আগামীকাল আমাদের (জয়ের) একাউন্ট খুলতে হবে।'
আর শেষ দুটি ম্যাচে জয়ের জন্য খেলোয়াড়রাও মরিয়া হয়ে আছেন বলে জানান এ কোচ, 'ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সংকীর্ণ হারের পর মনোবল বেশ নিম্নগামী। এই বিশ্বকাপে সম্ভবত আমাদের সুযোগ শেষ হয়ে গেছে। তবে আগামীকাল আমাদের অনেক কিছু খেলার আছে। ছেলেরা ভালো পারফরম্যান্স বদ্ধপরিকর।'
আবুধাবিতে সুপার টুয়েলভের নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর একদিন পর দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।