পোলার্ডের শটে অল্পের জন্য রক্ষা আম্পায়ার আলিম দারের
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের তখন শেষ ওভারের খেলা চলছে। রান বাড়াতে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে তেড়েফুঁড়ে সোজা ড্রাইভ করেছিলেন কাইরন পোলার্ড। সেই শট আঘাত করতে যাচ্ছিল আম্পায়ার আলিম দারকে। দারুণ রিফ্লেক্সে ডানদিকে ঝাঁপিয়ে নিজেকে রক্ষা করলেন তিনি। পোলার্ড অবশ্য ওই বলেই ক্যাচের শিকার হয়ে ফেরেন।
মঙ্গলবার দুবাইতে টস হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। বিপর্যয়ে হাল ধরে অধিনায়ক পোলার্ড দলকে টানছিলেন। শেষ ওভারে ছিল দ্রুত রান আনার চাহিদা। সেভাবেই চালিয়ে খেলতে গিয়ে ঘটে ওই ঘটনা। দারের শরীরে বল না লাগায় শট মিড অফ থেকে ছুটে তা হাতে জমান রাসি ফন ডার ডুসেন।
ডুসেন ক্যাচটা পরিষ্কারভাবে নিতে পেরেছিলেন কিনা তা নিয়েও দেখা দেয় সংশয়। অনেকবার দেখার পর মাঠের আম্পায়ারের দেওয়া আউটের সফট সিগন্যাল বহাল রাখেন টিভি আম্পায়ার। ২০ বলে ২৬ করে ফেরেন পোলার্ড।
অবশ্য তার আউট ছাপিয়ে যায় পাকিস্তানের আম্পায়ার দারের রিফ্লেক্সে। অল্প একটু দেরি করলেও বল তীব্র গতিতে লাগতে পারত শরীরে। নিজেকে রক্ষা করার পর লুটিয়ে পড়া দার অবশ্য স্বস্তির হাসিতে উঠে দাঁড়ান। ব্যাটসম্যান পোলার্ডের চেহারাতেও দেখা যায় দুঃখিত ভাব। ফিল্ডাররাও এসে জিজ্ঞেস করেন, 'আপনি ঠিক আছেন তো?'
ক্রিকেট বলের অপ্রত্যাশিত আঘাত থেকে রক্ষা পেতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আম্পায়ারদের হাতে প্রটেক্টর শিল্ড ব্যবহার করতে দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আম্পায়াররা হেলমেট কিংবা অন্য কোনো সুরক্ষা বলয় ছাড়াই ম্যাচ পরিচালনা করতে নামেন।
সুপার টুয়েলভের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১৪৩ রান। ওই রান পেরিয়ে ৮ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।