'ধর্ম নিয়ে শামিকে আক্রমণকারীরা মেরুদণ্ডহীন,' কোহলির কড়া বার্তা
পাকিস্তানের বিপক্ষে ভারতের ১০ উইকেটের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের শিকার হন মোহাম্মদ শামি। ধর্ম নিয়ে তাকে করা হয় কটাক্ষ। সেই উগ্রপন্থীদের প্রতি কড়া বার্তা দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, কিছু মেরুদণ্ডহীন লোক এমন ন্যাক্কারজনক কাজ করে থাকে। ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা কোহলির দৃষ্টিতে সবচেয়ে দুঃখজনক ব্যাপার।
গত ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে ভারত। ওই ম্যাচে দলটির সবচেয়ে খরুচে বোলার ছিলেন শামি। এই পেসার ৩.৫ ওভারে দিয়েছিলেন ৪৩ রান। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। ভারতের বিশ্বকাপ দলের একমাত্র মুসলিম ক্রিকেটার শামি শিকার হন ধর্মীয় বিদ্বেষের।
সেসময় শামির পাশে দাঁড়িয়েছিলেন দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেট তারকাসহ অনেকে। আগামীকাল রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক কোহলিও প্রতিবাদে মুখ খোলেন, 'আমার কাছে কাউকে তার ধর্ম নিয়ে আক্রমণ করাটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। প্রত্যেকেরই তাদের মতামত দেওয়ার অধিকার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই ধর্মের কারণে কাউকে বৈষম্য করার কথা ভাবিনি। এটি (ধর্ম) প্রতিটি মানুষের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র বিষয়।'
ধর্ম নিয়ে কটাক্ষকারীদের সবচেয়ে নিচু মানসিকতার মানুষ বলেন তিনি, 'কেন আমরাই মাঠে খেলছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ধর্ম নিয়ে আক্রমণকারী) কিছু মেরুদণ্ডহীন লোক খেলছে না, তার একটি যুক্তিসঙ্গত কারণ আছে। তাদের আসলে কোনো ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নেই। তারা (পরিচয় গোপন করে) লুকিয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের পেছনে লাগে। তারা মানুষকে নিয়ে মজা করে যা আজকের দুনিয়ার বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটা দেখতে পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।'
'এটি আক্ষরিক অর্থেই মানুষের পক্ষে করা সম্ভব এমন সামর্থ্যের সবচেয়ে নিচু স্তর। আমি এই মানুষগুলোকে এভাবেই দেখি।'
ভারতের জার্সিতে শামির অবদান তুলে ধরেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি, 'গত কয়েক বছরে মোহাম্মদ শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়ে (তাদের) ধারণাও নেই। জাসপ্রিত বুমরাহর পাশাপাশি টেস্ট ক্রিকেটে প্রভাব রাখা আমাদের মূল বোলার হলো শামি। দেশের জন্য শামির বোলিং ও আবেগকে যদি তারা অগ্রাহ্য করতে পারে... তাহলে তাদের দিকে মনোযোগ দিয়ে আমার জীবনের এক মিনিট সময়ও নষ্ট করতে চাই না। শামিও সেটা চায় না, দলের কেউই না।'
দলের সবাই মিলে শামিকে সমর্থন যুগিয়ে যাওয়ার কথা জানান তিনি, 'আমরা সম্পূর্ণরূপে তার পাশে আছি। আমরা তাকে ২০০ ভাগ সমর্থন করছি। যারা তাকে আক্রমণ করেছে তারা চাইলে আরও শক্তি নিয়ে এগিয়ে আসতে পারে। আমাদের দলের মধ্যকার ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব, কিছুই নড়বড়ে হবে না। দলের অধিনায়ক হিসেবে আমি নিশ্চয়তা দিতে পারি যে দলে আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে এই ব্যাপারগুলি এই পরিবেশে অনুপ্রবেশ করতে পারবে না। আমার দিক থেকে সেটার শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।'