দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে নিয়ে শঙ্কা, চোট সারেনি সোহানেরও
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব আল হাসান। সেই চোট নিয়েই পরে ব্যাটিংয়ে ওপেনিং করেন তিনি। তবে তাকে নিয়ে আসতে পারে আরও খারাপ খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই অলরাউন্ডারের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তলপেটের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলা নুরুল হাসান সোহানও অনিশ্চিত।
আগামী মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ওই ম্যাচে বাঁহাতি তারকা সাকিব খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেছেন, আগামী দুদিন সাকিবের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এরপর নেওয়া হবে সিদ্ধান্ত, 'সাকিবের হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। সেকারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সে ভুগেছে। (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ২ নভেম্বরের ম্যাচের আগে আমাদের হাতে দুদিন সময় আছে। তাই তার ব্যাপারে আমরা কোনো তাড়াহুড়োয় যেতে চাচ্ছি না।'
শনিবার ভিডিও বার্তায় দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করলেন দুই ক্রিকেটারের চোটের খবর। তাদের চোট পরিস্থিতি অনুকূলে না এলে একাদশ সাজানোর বিকল্প চিন্তাও করে রেখেছেন তারা, 'কিছু ইনজুরি কনসার্ন আছে সাকিব ও সোহানকে নিয়ে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপডেট পেয়ে যাব। আমাদের দলে যারা আছেন রুবেল হোসেন ও শামীম পাটোয়ারি এখনো ম্যাচ খেলেনি। দেখি আমরা একাদশটা কীভাবে সাজাই। উইকেটের উপরও নির্ভর করে। সুযোগ তো সবারই আছে।'
আগের দিন উইন্ডিজের বিপক্ষে শেষ বলে গড়ানো ম্যাচে ৩ রানে হারে বাংলাদেশ। বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এরপর আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে ১২ বলে করেন ৯ রান।
বিশ্বকাপের সুপার টুয়েলভে হারের বৃত্তে বন্দি বাংলাদেশকে লড়াই করতে হচ্ছে চোটের সঙ্গেও। পিঠের চোটে আসর থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন রুবেল হোসেন।