দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নেই সোহান, খেলবেন শামীম

ক্রীড়া প্রতিবেদক

তলপেটের চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলা কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পাওয়া যাচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের চোটে সাকিব আল হাসানও ছিটকে যাওয়ায় একাদশে ঢুকছেন শামীম হোসেন পাটোয়ারি।

সোহান না থাকায় আগের ম্যাচে একাদশে এসেছিলেন সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবেন তিনি। সাকিবের বিকল্প হিসেবে একাদশে আসবেন অফ স্পিনিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো,  'সোহান কালকের ম্যাচে ফিট হতে পারবে না। শামীম ও সৌম্য ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে কাল একাদশে থাকবে।'

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পান সোহান। চোট নিয়েও তাকে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দেখা গিয়েছিল। তবে ব্যাট হাতে তিনি ছিলেন মন্থর। এরপর ব্যথা বেড়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের দিন মাঠেই যেতে পারেননি তিনি।

১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশের এখন সুস্থ খেলোয়াড় আছেন ১৩ জন। সেমিফাইনালের আশা নিভে যাওয়ায় দেশ থেকেও বদলি খেলোয়াড় নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ শেষ দুই ম্যাচে কিছুটা জোড়াতালির একাদশই নামাতে হচ্ছে মাহমুদউল্লাহর দলকে।

মঙ্গলবার বিকেল ৪টায় আবুধাবিতে প্রোটিয়াদের  বিপক্ষে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।