টি-টোয়েন্টি দলে স্মিথের জায়গা দেখেন না ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার বিশাল হারের পর দলটির একাদশ নির্বাচন ও খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন শেন ওয়ার্ন। মিচেল মার্শকে একাদশের বাইরে রাখাকে হতাশাজনক হিসেবে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেখেন না স্টিভেন স্মিথের।

বিশ্বকাপের সুপয়ার টুয়েলভে আগের দিন শনিবার ইংলিশদের কাছে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে অজিরা গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৫০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড।

steven_smith.jpg
ছবি: এএফপি

প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই অস্ট্রেলিয়ার প্রথম হার। ওই দুই ম্যাচের একাদশে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার মার্শ। তৃতীয় ম্যাচে তাকে বাদ দিয়ে নেওয়া হয় বোলিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারকে। অন্যদিকে, প্রোটিয়াদের বিপক্ষে ৩৪ বলে ৩৫ এবং লঙ্কানদের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ২৮ রান করা স্মিথ ব্যর্থ হন ইংল্যান্ডের বিপক্ষে। ৫ বলে খেলেন ১ রান।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই মহাবিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ২১ রান তুলতে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার, স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। ওই ধাক্কা সামলে লড়াকু পুঁজি পাওয়া হয়নি তাদের।

দলের এমন বিবর্ণ দশায় ভীষণ হতাশ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওয়ার্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি তোলেন নানা প্রশ্ন, 'মার্শকে বাইরে রেখে অস্ট্রেলিয়ার (দল) নির্বাচন ও ম্যাক্সওয়েলকে পাওয়ার প্লেতে নামানো হতাশাজনক। তার (ম্যাক্সওয়েল) সবসময়ই পাওয়ার প্লে শেষে (ক্রিজে) আসা উচিত। তখন (মার্কাস) স্টয়নিসের যাওয়া উচিত ছিল। অস্ট্রেলিয়ার (দিক থেকে) খুবই দুর্বল পরিকল্পনা ও কৌশল। স্মিথকে আমি পছন্দ করি। কিন্তু টি-টোয়েন্টি দলে তার থাকা উচিত না। মার্শকে থাকতেই হবে।'

mitchell_marsh.jpg
ছবি: এএফপি

সুপার টুয়েলভে তিনটি ম্যাচ খেলে সবকটিতেই দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের দেখে উত্তরসূরিদের টি-টোয়েন্টি খেলতে শেখার পরামর্শ দিলেন ওয়ার্ন, 'ইংল্যান্ড যথার্থ টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে। ইংলিশদের কাছে বিধ্বস্ত হওয়ার পর আশা করি, কীভাবে (টি-টোয়েন্টি) খেলতে হয় সেটা অস্ট্রেলিয়া শিখবে। পাকিস্তান ও ইংল্যান্ড দেখাচ্ছে কীভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হয়। খেলার ধরন নিয়ে তাদের ভাবনা ও দল (একাদশ) পরিবর্তন করা প্রয়োজন অস্ট্রেলিয়ার।'

ইংলিশদের কাছে হারলেও এক নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শীর্ষে থাকা ইংল্যান্ড অর্জন করেছে পূর্ণ ৬ পয়েন্ট।