টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা তিন ম্যাচ হেরে সুপার টুয়েলভ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। অলৌকিক কিছু না হলে আর কোনো সম্ভাবনা আর নেই টাইগারদের। কিন্তু কাগজে কলমে এখনও সেমি-ফাইনালে যাওয়ার আশা রয়েছে দলটির। তার জন্য চাই বড় জয়, সঙ্গে অন্য দলগুলোর ফলাফল পক্ষে আসা। নিজেদের কাজটা কি করতে পারবে মাহমুদউল্লাহরা?
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি।
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়ে বিশ্বকাপই শেষ হয়ে গেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার জায়গায় একজন ব্যাটারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো বিশ্বকাপের একাদশে ঠাই মিলেছে শামিম হোসেন পাটোয়ারির।
তবে পরিবর্তন আছে আরও একটি। খেলছেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তার জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ।
সেমি-ফাইনালের পথে এগিয়ে যাওয়ার পথে একাদশে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শামিম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রিজা হ্যান্ডরিকস, রাসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশভ মহারাজ, আনরিক নরকিয়া ও তাবরাইজ শামসি।