জয় দিয়েই আসগরকে বিদায় জানালো আফগানিস্তান
বিশ্বকাপের মাঝপথে হুট করেই নিজের সিদ্ধান্তটা জানান আসগর আফগান। নামিবিয়ার বিপক্ষেই খেলবেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। সাবেক অধিনায়কের বিদায় বেলায় দারুণ কিছু করার পণ নিয়েই মাঠে নেমেছিল দলটি। সেটা করেও দেখিয়েছে তারা। নামিবিয়াকে সহজেই হারিয়ে সেমি-ফাইনালে যাওয়ার আশা দারুণভাবেই টিকিয়ে রেখেছে যুদ্ধ-বিধ্বস্ত দলটি।
রোববার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে দারুণ চমক দেখানো নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান তোলে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রান তুলেছে যায় নামিবিয়া।
লক্ষ্য তাড়ায় আফগান পেসারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ফলে বলার মতো গড়েও ওঠেনি কোনো জুটি। ব্যক্তিগত ডেভিড ভিসে কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তার লড়াই কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ভিসে। ৩০ বলে ২টি চারের সাহায্যে এ রান করেন তিনি। আফগানদের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন নাভিন-উল-হক ও হামিদ হাসান। ২টি উইকেট পেয়েছেন গুলবাদিন নাইব।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ আফগানিস্তান। দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের ওপেনিং জুটিতেই আসে ৫৩ রান। তাতে পাওয়ার প্লের ব্যবহারটাও হয় দারুণ। পাওয়ার প্লেতে আসে ৫০ রান।
এরপর বড় কোনো জুটি না হলেও ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা আসগর আফগান দায়িত্বশীল ব্যাটিং ও অধিনায়ক মোহাম্মদ নবির আগ্রাসী ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহই পেয়ে যায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন শাহজাদ। ৩৩ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান এ উইকেটরক্ষক ব্যাটার। ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন জাজাই। ১৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় দারুণ এক ক্যামিও খেলেন নবি। ২৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করেন আফগান।
নামিবিয়ার পক্ষে ৪ ওভার বল করে ২১ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন জ্যান নিকোল লফটি-ইটন। ৩৪ রানের বিনিময়ে ২টি শিকার করেছেন আগের ম্যাচ জয়ের নায়ক রুবেন ট্রাম্পেলমান।