জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নটাই ‘অদ্ভুত’ লাগছে গিবসনের
ভীষণ চাপে থাকা বাংলাদেশের কি ইংল্যন্ডের মতো শক্তিশালী দলকে কঠিন সময় দেওয়া সম্ভব? প্রশ্ন শুনেই অবাক হয়ে গেলেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। তার মতে, নিজেদের দিনে যে কাউকেই হারাতে সক্ষম মাহমুদউল্লাহর দল।
প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। ওমানের বিপক্ষে চাপে থাকার পর ঘুরে দাঁড়িয়ে পাপুয়া নিউগিনিকে হারিয়ে নিশ্চিত করে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১৭১ রান করেও ম্যাচ জিততে পারেনি তারা।
লিটন দাস দুটি সহজ ক্যাচ হাতছাড়া করার পাশাপাশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কিছু সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় সমালোচনা। অপরদিকে, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে ৭০ বল বাকি রেখে ৬ উইকেটে জেতে ইংল্যান্ড।
বাস্তবতায় দুই ভিন্ন জমিতে দাঁড়িয়ে থাকলেও মাঠে নেমে নিজেদের জেতার ভালো সম্ভাবনাই দেখছেন গিবসন, 'জেতা সম্ভব কিনা এই প্রশ্নটাই বলব অদ্ভুত। আমরা যেকোনো দলকে হারাতে পারি। নিজেদের ভেতরে এই বিশ্বাস নিয়েই বিশ্বকাপে এসেছি। বাছাইপর্বে কঠিন সময় গিয়েছে, সেখানে স্নায়ুচাপও ছিল। মূল পর্বে আমরা দলের সংখ্যা বাড়াতে আসিনি। নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি।'
ইংল্যান্ডকে হারাতে বোলারদেরই মুখ্য ভূমিকা দেখছেন গিবসন। তাদেরকে সেভাবেই বার্তা দেওয়ার কথা জানিয়েছেন এই ক্যারিবিয়ান, 'ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। ওদের বিপক্ষে জিততে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা টিম মিটিংয়ে এসব আলাপ করেছি। নিজেদের ওপর আমাদের ভরসা আছে। অনুশীলনে সেভাবেই প্রস্তুত হব।'
'ইংল্যান্ড আগ্রাসী খেলবে। বোলারদের বলেছি, ওরা ভালো বল করেও হয়তো মার খাবে, তাতে ভড়কে না গিয়ে ম্যাচে থাকতে হবে। শান্ত থেকে আমরা আমাদের কাজটা করতে চাই।'
'ওরা আমাদের চেপে ধরতে চাইব। আবার আগ্রাসী খেলতে গিয়ে সুযোগও দেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ রান তাড়া করতে গিয়েই ৪ উইকেট পড়েছিল ওদের। আমরা এসব জিনিস ইতিবাচকভাবে নিতে চাই।'
আগামীকাল বুধবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টিতে বাংলাদেশ-ইংল্যান্ডের এটি প্রথম দেখা।