'জীবদ্দশায় বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হার দেখতে চেয়েছিলাম'
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের ১২ সাক্ষাতের প্রতিটিতে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। ওয়াসিম আকরাম নিজেও তিনবার নিয়েছিলেন এই তিক্ত অভিজ্ঞতা। পাকিস্তানের এই কিংবদন্তি তাই মনের গহীনে লালন করছিলেন এক তীব্র চাওয়া। তিনি বেঁচে থাকতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে যেন জয়ের মধুর স্বাদ লাভ করে পাকিস্তান। তার সেই আশা পূরণ করেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে আগের দিন সোমবার সাবেক বাঁহাতি পেসার ওয়াসিম বলেছেন, 'জীবদ্দশায় আমি এটা (বিশ্বকাপে ভারতকে হারানো) দেখতে চেয়েছিলাম এবং দেখলাম। এটা ছিল আত্মবিশ্বাস যোগানো একটা জয়।'
গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে পাত্তাই দেয়নি পাকিস্তান। ১০ উইকেটের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১৩ বারের দেখায় ঐতিহাসিক এই জয় পায় তারা। অথচ ওয়ানডে বিশ্বকাপে দুই দলের সাত লড়াইয়ের সবকটিতে জয়ী হয়েছিল ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের আগের পাঁচ ম্যাচের চারটিতে সরাসরি জিতেছিল তারা। বাকি ম্যাচটি হয়েছিল টাই। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের ওই ম্যাচেও পরে হার মেনেছিল পাকিস্তান।
দুবাইতে আগে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ৭ উইকেটে ১৫১ রান তুলেছিল ভারত। জবাবে ১৩ বল আগে উদ্বোধনী জুটিতেই ম্যাচ শেষ করে দেয় পাকিস্তান। দলকে জিতিয়ে অধিনায়ক বাবর অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান মাঠ ছাড়েন ৫৫ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে। ম্যাচসেরা শাহিন ৩১ রানে পান ৩ উইকেট।
উত্তরসূরিদের পারফরম্যান্সে কোনো খুঁত দেখছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম, 'তারা যেভাবে পারফর্ম করেছে, এটা অবিশ্বাস্য। এটা ছিল নিখুঁত, এটা ছিল কার্যকর। তারা খুব শান্ত ছিল। আর সব কিছুই তাদের পক্ষে ছিল। আমার মনে হয়, টসও (পক্ষে ছিল)।'
বাবরদের প্রশংসায় ভাসালেও আত্মতুষ্টির জোয়ারে না ভেসে আগামী ম্যাচগুলোর দিকে মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি, '(জয়ের) দিনটা ছিল গতকাল, সেটা এখন ইতিহাসের পাতায়, সেটা এখন অতীত। আমি চাই, পাকিস্তান দল পরের ম্যাচের দিকে মনোযোগ দিক। এটা একটা দীর্ঘ বিশ্বকাপ।'
আজ মঙ্গলবার সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে মোকাবিলা করবে পাকিস্তান। শারজাহতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।