চোটে বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক

পিঠের চোটে পড়া মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে গেছেন মাঠের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে আর দেখা যাবে না তাকে। এই পেস অলরাউন্ডারের পরিবর্তে বাংলাদেশের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে রুবেল হোসেনকে।

মঙ্গলবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের সঙ্গে অতিরিক্ত সফরসঙ্গী হিসেবে ছিলেন অভিজ্ঞ পেসার রুবেল। সাইফউদ্দিনের পরিবর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমোদন ইতোমধ্যে দিয়েছে আইসিসি টেকনিক্যাল কমিটি।

বাংলাদেশ দলের হয়ে মোট ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল। এর মধ্যে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ২৮টি।

চলমান বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতে একাদশে ছিলেন সাইফউদ্দিন। বল হাতে তিনি নেন ৫ উইকেট।

পিঠের চোটের জন্য আগেও কয়েক দফা ভুগতে হয়েছে সাইফউদ্দিনকে। এই কারণে গত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি।

আগামীকাল বুধবার আবুধাবিতে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাইফউদ্দিন না থাকায় নিশ্চিতভাবেই দলের একাদশে আসবে পরিবর্তন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।