সেঞ্চুরির পথে থাকা টেইলরকে ফেরালেও স্বস্তিতে নেই বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক

এক পাশে ব্র্যান্ডন টেইলরের ঝলমলে ইতিবাচক ব্যাটিং, আরেক পাশে তাকুদজয়নাশে কাইটানোর চোয়লবদ্ধ দৃঢ়তা। আগের দিনের শেষ সেশনের ধারাবাহিকতাই এই দুজন তৃতীয় দিনের প্রথম সেশনেই হতাশায় পুড়িয়েছেন বাংলাদেশের বোলারদেশের। সেঞ্চুরির পথে থাকা টেইলর শেষ পর্যন্ত আউট হলেও জিম্বাবুয়ে এগুচ্ছে সাবলীলভাবে।

শুক্রবার হারারে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে যোগ করেছে আরও ৯৫ রান। ২ উইকেটে ২০৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে তারা। ৯১ বলে ৮১ রান করে বাজে শটে ফিরেছেন টেইলর। ২০০ বল ৬৩ রানে অপরাজিত আছেন অভিষিক্ত ওপেনার কাইটানোর। তার সঙ্গী আরেক অভিষিক্ত ডিয়ন মেয়ার্স খেলছেন ২১ রান নিয়ে। হাতে ৮ উইকেট নিয়ে ফলোঅন এড়াতে তাদের চাই আরও ৬০ রান।

সকালে নেমেই দারুণ ব্যাট করতে থাকেন  টেইলর। অপর পাশে  কাইটানো ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, তাকে নড়ানোই যাচ্ছিল না। জুটি বড় হতে তাই কোন সমস্যা হয়নি। সকালে বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন ছিলেন বেশ একুরেট। ভালো জায়গায় বল ফেলে মাঝে মাঝে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি।

তবে ইবাদতকে সামলে নিতেও তেমন কঠিন পরীক্ষা ছিল না জিম্বাবুয়ের। সাকিব আল হাসান সকালের প্রথম স্পেলে বেশ খরুচে। তাকে অনায়াসে ছক্কা-চারে উড়ান টেইলর। বাংলাদেশের বিপক্ষে ভীষণ সফল এই ব্যাটসম্যান ওয়ানডে মেজাজে ফিফটি তুলে এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। অভিষিক্ত কাইটানোও টিকে থাকার ব্রত নিয়ে তুলে নেন ফিফটি। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি পেরিয়ে যায় শতরান।

প্রথম ঘনটা সবালীলভাবে পার করে দ্বিতীয় ঘন্টাও সে পথেই ছিলেন তারা। কিন্তু ৮০ রান পেরিয়ে টেইলর করেন ভুল। মেহেদী হাসান মিরাজ বল করতে আসতেই রিভার্স সুইপ, স্লগ সুইপে রান বাড়ানোর তালে ছিলেন তিনি। একটু বেশি মাত্রা তা করতে গিয়ে হয়ে যায় ভুল। মিরাজকে স্লগ সুইপ করতে গিয়ে ৮১ রানে ধরা পড়েন বদলি ফিল্ডার ইয়াসির আলি রাব্বির হাতে।  ৯১ বলের ইনিংসে জিম্বাবুয়ে অধিনায়ক ১২ চার আর ১ ছক্কা মেরেছেন।

১১৫ রানের জুটি ভাঙ্গার পরও চেপে বসতে পারেনি বাংলাদেশ। আরেক অভিষিক্ত মেয়ার্স নেমেই দেখান ইতিবাচক অ্যাপ্রোচ। দ্রুত রান এনে উইকেটে থিতু হয়ে যান তিনি। ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের বোলারদের বলেও ছিল না তেমন কোন ধার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৬৭ ওভারে ২০৯/২ (শুম্বা ৪১, কাইটানো ৬৩*, টেইলর ৮১, মেয়ার্স ২১* ; তাসকিন ০/৩৭ , ইবাদত ০/৫১ , সাকিব ১/৬৩, মিরাজ ১/৫২, মুমিনুল ০/৩)