রোহিত-সূর্যকুমারের ব্যাটে নিউজিল্যান্ডকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক

কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে স্তব্ধ করে দিয়েছিল নিউজিল্যান্ড। ভিন্ন পরিস্থিতি, কিছুটা ভিন্ন দল নিয়ে এবার ফলও এলো ভিন্ন। মার্টিন গাপটিল, মার্ক চামম্যানের ফিফটিতে পাওয়া নিউজিল্যান্ডের পুঁজি রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের ব্যাটে পেরিয়ে জিতেছে ভারত।

বুধবার জয়পুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। কিউইদের করা ১৬৪ রান কেবল ২ বল আগে পেরিয়ে যায় রোহিতের দল। এই জয়ে ভারতের স্থায়ী কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছে রাহুল দ্রাবিড়েরও।

ব্যাট হাতে ভারতের জয়ের মূল নায়ক সূর্যকুমার। ৪০ বলে ৬ চার, ৩ ছক্কায় তিনি করেন ৬২ রান। অধিনায়ক রোহিত ৩৬ বলেই করেন ৪৮ রান।

এর আগে গাপটিলের ৪২ বলে ৭০, চাপম্যানের ৫০ বলে ৬৩ রানে লড়াইয়ের পুঁজি পেয়েছিল কিউইরা। কিউইদের অবশ্য আরও বড় রানে চড়তে না দিয়ে ২৩ রানে ২ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রবীচন্দ্রন অশ্বিন। পেসার ভুবনেশ্বর কুমার নিয়েছেন ২৪ রানে ২ উইকেট।

১৬৫ রান তাড়ায় নেমে দুই ওপেনার আনেন দারুণ শুরু। রোহিতের সঙ্গে ৫ ওভারে ৫০ রানের জুটি আনার পর মিচেল স্যান্টনারকে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ করা লোকেশ রাহুল।

এরপর রোহিত-সূর্যকুমার মিলে খেলা করে দেন সহজ। দারুণ সব টাচ শটে উইকেটের চারপাশে রানের ফোয়ারা বইয়ে দেন সূর্যকুমার।

৫৯ রানের জুটির পর ট্রেন্ট বোল্ডের শিকার হয়ে বিদায় হয় রোহিতের। রিশভ পান্তকে নিয়ে অনায়াসে খেলা শেষ করার দিকে ছুটছিল সূর্যকুমার। দলের জয় যখন ২৩ রান দূরে, বোল্টের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন তিনি।

এরপর সহজ জয়টা বেশ কঠিন করে আদায় করে ভারত। শ্রেয়াস আইয়ার নেমে ৮ বল খুইয়ে ৫ রান করে ফেরেন, পান্তও ছিলেন জড়সড়ো। এক পর্যায়ে সমীকরণ নেমে আসে ৬ বলে ৯ রানের। অভিষিক্ত ভেঙ্কেটেশ আইয়ার নেমেই বাউন্ডারি মারেন, পরের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে আউটও হয়ে যান। তবে বাউন্ডারি মেরে ২ বল আগে খেলা শেষ করতে সমস্যা হয়নি পান্তের।

এর আগে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই ড্যারেল মিচেলকে তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়িয়ে গাপটিল-চাপম্যান এনেন ১০৯ রানের জুটি। বড় রানের ভিত হয়ে যায় তাতেই। ৫০ বলে ৬৩ করা চাপম্যানকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন অশ্বিন।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৭০ করা গাপটিল আউট হন ১৮তম ওভারে। শেষ দিকে তাই পর্যাপ্ত রান আনতে পারেনি তারা। অন্তত ১০ রানের যে ঘাটতি যে ছিল তা টের পাওয়া গেছে পরে।