আবেশ-প্যাটেলের ঝলকে মুম্বাইকে হারালো দিল্লি
আনরিক নরকিয়া, আবেশ খান, আক্সার প্যাটেলদের তোপে মুম্বাই ইন্ডিয়ান্স আটকে যায় মামুলি পুঁজিতে। কিছুটা মন্থর উইকেটে রান তাড়ায় গিয়ে বিপদে পড়েছিল দিল্লি ক্যাপিটালও। তবে শ্রেয়াস আইয়ার, রবীচন্দ্রন অশ্বিনদের ব্যাটে ঠিকই উদ্ধার পেয়েছে তারা।
শনিবার শারজাহতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি। মুম্বাইর করা ১২৯ রান দিল্লি পেরিয়ে যায় ৫ বল আগে।
ম্যাচ জিততে শেষ তিন ওভারে দরকার ছিল কেবল ১৯ রান, হাতে তখন ৪ উইকেট। কিন্তু উইকেটের আচরণ আর মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের তেতে থাকায় কাজটা সহজ ছিল না। তবে ঠান্ডা মাথায় দলকে তীরে ভেড়ান শ্রেয়াস। ৩৩ বলে তিনি অপরাজিত থাকেন ৩৩ রানে। ছক্কা মেরে দলকে জিতিয়ে তার সঙ্গে অপরাজিত থাকেন ২১ বলে ২০ করা অশ্বিন।
১৩০ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান শেখর ধাওয়ান। পরের ওভারে মাত্র ৮ রান করে বিদায় হন পৃথ্বী শ। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি স্টিভেন স্মিথও। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দিল্লি।
এই অবস্থায় পালটা আক্রমণ চালিয়ে রানের চাকা সচল রাখছেন অধিনায়ক রিশভ পান্ত। কিন্তু জয়ন্ত যাদবের বলে তার ২২ বলে ২৬ রানের ইনিংস থামতে বিপদ ঘনিভূত হয় দিল্লির। ৯ বলে ৯ করে ফেরেন আক্সার প্যাটেল। সাতে নেমে শেমরন হেটমায়ার দুই চারে দ্রুত ১৫ রান করে বিদায় নেন।
৯৩ রানে ৬ উইকেট হারানোর অবস্থা থেকে জুটি বেধে বাকিটা সেরেছেন শ্রেয়াস-অশ্বিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় মুম্বাই। আবেশ খানের বলে মাত্র ৭ রান করে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দেন রোহিত।
থিতু হয়ে ফেরেন কুইন্টেন ডি ককও। ছন্দে না থাকা সূর্যকুমার যাদব এরপর হাল ধরেন দলের। ২ চার, ২ ছক্কায় ২৬ বলে ৩৩ করে তিনি বিদায় নেওয়ার পর সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়াও দুই অঙ্কে গিয়েছিলেন। এই দুজনও ইনিংস টানতে পারেননি শেষ পর্যন্ত।
ক্রুনাল পান্ডিয়া ১৫ বলে ১৩ আর জয়ন্ত যাদব ৪ বলে ১১ করলে লড়াইয়ের একটা পুঁজি পেয়েছিল মুম্বাই। তবে এবারের আইপিএলে দুর্দশায় থাকা দলটি শেষ পর্যন্ত পেরে উঠেনি।