অ্যান্ডারসনদের তোপে ৭৮ রানেই  শেষ ভারত 

স্পোর্টস ডেস্ক

পেস বান্ধব কন্ডিশনে টস জিতে সাহস করে ব্যাটিং নিয়েছিলেন বিরাট কোহলি। লর্ডস টেস্ট জিতে উড়তে থাকা ভারত তাতে জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন,  ওলি রবিনসনদের তোপে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। গুটিয়ে গেছে ৭৮ রানে। 

বু্ধবার হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে হেডিংলিতে ভারতের প্রথম ইনিংস স্থায়ী হয় কেবল ৪০.৪ ওভার। চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুইজন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কে। স্যুয়িংয়ের পসরা সাজিয়ে ৬ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ১৪ রানে ৩ শিকার ধরেন ক্রেইগ ওভারটন। ওলি রবিনসন ১৬ রানে পেয়েছেন ২ উইকেট। আরেক পেসার স্যাম কারান ২৭ রানে পান ২ উইকেট। 

সিরিজে এগিয়ে থাকা ভারত ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। অ্যান্ডারসনের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা দেন লোকেশ রাহুল। 

পঞ্চম ওভারে ফের অ্যান্ডারসনের ছোবল। এবার দারুণ আউটস্যুইঙ্গারে কাবু করেন চেতশ্বর পূজারাকে। ৪ রানে ২ উইকেট হারানো অবস্থা থেকে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন রোহিত শর্মা আর কোহলি। কিন্তু কেবল ৬ ওভার স্থায়ী হয় এই জুটি। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা কোহলিও শিকার অ্যান্ডারসনের। 

ভারত অধিনায়ককেও ড্রাইভে প্রলুব্ধ করে উইকেটের পেছনে ক্যাচ বানান অ্যান্ডারসন। রোহিতের শঙ্কে প্রতিরোধে ভালোই দৃঢ়তা দেখাচ্ছিলেন আজিঙ্কা রাহানে। এই জুটি টিকে ছিল ১৫ ওভার। তবে রান বের করা ভীষণ কঠিন হয়ে যায় ভারতের। 

রবিনসনের বলে চতুর্থ উইকেটে ভাঙ্গে ৩৫ রানের জুটি। ১৮ রান করা রাহানে ক্যাচ দেন উইকেটের পেছনে। 

কঠিন পরিস্থিতিতে দলকে ভরসা যোগাতে পারেননি রিশভ পান্ত। ক্রিজে এসেই অনেক বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনিও। প্রথম বল থেকে টিকে থেকে চেষ্টা চালানো রোহিত ওভারটনের বলে ফিরে গেলে চরম বিব্রতকর অবস্থায় পড়ে ভারত। ১০৫ বলে দলের সর্বোচ্চ ১৯ আসে রোহিতের ব্যাটে। বিপদের দিনে টেল এন্ডারদের নিয়ে লড়াই করতে পারেননি রবীন্দ্র জাদেজাও। 

ওভারটন-কারান মিলে ভারতের লেজ মুড়ে দিতে আর সময় নেননি। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস : ৪০.৪ ওভারে ৭৮ (রোহিত ১৯, রাহুল ০, পুজারা ১, কোহলি ৭, রাহানে ১৮, পান্ত ২, জাদেজা ৪, শামি ০, ইশান্ত ৮*, বুমরাহ ০, সিরাজ ৩; অ্যান্ডারসন ৩/৬, রবিনসন ২/১৬, কারান ২/২৭, মইন ০/৪, ওভারটন ৩/১৪)