রাকসু নেতা আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে কর্মসূচির ডাক দিয়েছে শাখা ছাত্রদল।

গতকাল রোববার ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার অপসারণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে আজ সোমবার দুপুর ১টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।

এতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক অবস্থা পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন এবং প্রয়োজনে তাকে মানসিক ও সামাজিক সহায়তা প্রদানের দাবি জানানো হবে।

এছাড়া একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। ব্যানারটি টাঙিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন।

এর আগে ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে আম্মার তার ফেসবুক পোস্টে ওই শিক্ষককে দুপুর ২টার মধ্যে ব্যানারটি সরিয়ে ফেলার আল্টিমেটাম দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩-এর ৫৫ (২) ধারা উল্লেখ করে দাবি করেন যে, ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক প্রচার এবং শিক্ষক সমিতির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।

তবে ১৯৭৩ সালের আইনের ৫৫ (২) ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ পোষণ বা বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো বৈধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অধিকারে কোনো হস্তক্ষেপ করা যাবে না এবং এটি তাদের চাকরির শর্তাবলীতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

ব্যানার অপসারণের পর আম্মার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক ব্যানার না সরানোয় আমি একজন সাধারণ ছাত্র হিসেবে এটি সরিয়ে দিয়েছি। ক্যাম্পাসে শিক্ষকদের দলীয় ব্যানারের রাজনীতি আমি মেনে নেব না। শিক্ষক রাজনীতি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে এবং শিক্ষকদের রাজনৈতিক দালালে পরিণত করছে।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও তার একই অবস্থান থাকবে। তার মতে, ছাত্র রাজনীতি বন্ধের দাবির চেয়ে 'ভয়াবহ শিক্ষক রাজনীতি' বন্ধ করা বেশি জরুরি।

ছাত্রদল রাবি শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব হল ও অনুষদের নেতাকর্মীদের আজকের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।