ঢাকা-১৪ আসনে পুনর্নির্বাচন চান বিএনপি প্রার্থী তুলি

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ করেছেন।

আজ শুক্রবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এসব অভিযোগ তুলে তিনি অবিলম্বে ওই আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানান।

তুলি বলেন, ‘গতকাল ভোটগ্রহণ শেষ হলেও আজ পর্যন্ত ঢাকা-১৪ আসনের সব কেন্দ্রের ফলাফল স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। এর মানে কী?’

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘১৫ বছর পরেও এত অনিয়ম কেন? কেন এই আসনকে এমন কারসাজির জন্য আলাদা করে বেছে নেওয়া হলো? অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে তিনি দাবি করেন, ‘সকাল থেকেই কিছু কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। পরে প্রশাসনের একটি অংশের সহায়তায় জামায়াতে ইসলামী কর্মীরা আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ এত ধীরগতিতে হয়েছে যে, ভোটাররা দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেছেন।’

তুলি আরও বলেন, ‘দুপুরের মধ্যেই আনসার সদস্যরা আমার পোলিং এজেন্টদের জোর করে কিছু কাগজে সই করিয়েছেন। নির্বাচন শেষ হওয়ার আগেই কেন তাদের সই করতে বলা হলো?’