ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারার নির্দেশ বিএনপির

স্টার অনলাইন রিপোর্ট

ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মী ও পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে বিএনপি।

ভোটগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা বলেন। 

এ সময় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের অপতৎপরতার কারণে ভোটার উপস্থিতি কমেছে বলে অভিযোগ করেন।

তিনি জানান, নির্বাচনকে বিতর্কিত করার জন্য গতকাল বুধবার রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে। ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে দূরে রাখার ঘৃণ্য চেষ্টাও করা হয়।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ভোটারের উপস্থিতি আরও বেশি হতো বলে মনে করেন মাহদী আমিন।

বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সুস্পষ্ট ও বড় পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ ব্যবধান ঠেকাতেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে।

মাহদী আমিন অভিযোগ করেন, অনেক জায়গায় আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে, জাল ভোট দেওয়া হয়েছে। কোথাও কোথাও মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। 

শুধু তাই নয় অনেকেই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, যা ফ্যাসিবাদী আমলের অপসংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা বলে দাবি করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। 

ভুয়া পর্যবেক্ষকের মাধ্যমে মব তৈরি ও ভীতির পরিবেশ সৃষ্টির চেষ্টা চলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও আগেই জানিয়েছিলাম আমরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করেও ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন মাহদী। 

এসব ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘কমিশন আরও আন্তরিকভাবে সমন্বিত পদক্ষেপ নিলে পরিস্থিতি ভালো হতো।

এ সময় তিনি বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ।

কোনো অপপ্রয়াসই এ ক্ষেত্রে সফল হবে না বলে মত দেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। 

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন পাভেল বলেন, ‘আমরা সতর্কভাবে পর্যালোচনা করছি। গণনায় যুক্ত এজেন্টদের তীক্ষ্ণ নজর রাখতে বলেছি।

একই বাক্সে দুই ধরনের ব্যালট থাকায় চ্যালেঞ্জ বেশি উল্লেখ করে বলেন, ‘একজন এজেন্টের পক্ষে বিষয়টি নজরে রাখা কঠিন।

আলোর স্বল্পতাসহ বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও বিবেচনায় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাভেল।