হাতিয়ায় বিটিভির রিপোর্টারের ওপর হামলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিবেদক মিরাজ উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় মিরাজ উদ্দিন এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক মো. সাকিব আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, চরঈশ্বর বাংলাবাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে দুর্বৃত্তরা মিরাজ উদ্দিন ও তার চালক সাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কুপিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।
এ ছাড়া গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত হাতিয়ার বিভিন্ন স্থানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত কর্মী আহত হয়েছেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওয়াহিদুল হক জানান, সংঘর্ষের ঘটনায় আহত ৩৮ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত সোনাদিয়া, জাহাজমারা, নিঝুম দ্বীপ, চরঈশ্বর ও চানন্দী ইউনিয়নে তাদের প্রায় অর্ধশত কর্মী বিএনপির হামলায় আহত হয়েছেন। এ ছাড়া আজ সকালে জাহাজমারা ইউনিয়নের কয়েকটি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক খোকন। তিনি বলেন, এনসিপির কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে তারা গুজব ছড়াচ্ছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর তিনি শুনেছেন। যেখানেই খবর পাওয়া গেছে, তাৎক্ষণিক পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ব্যবস্থা নিয়েছেন। বিটিভি সাংবাদিকের ওপর হামলাসহ অন্যান্য ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।