ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টা, যুবকের ৩ বছর কারাদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টা করার সময় ধরা পড়া এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল ৯টার দিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শাহীন মালিথা। তিনি উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম জানান, শাহীন ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। সে সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে শাহীন তার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন।