যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাব: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোট দেওয়ার পর বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগোবো আমরা।’

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন এনসিপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, ‘সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত কোথাও টেকনিক্যাল কিংবা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর পাইনি।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘দেড় দশকের বেশি সময় ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ, যে কারণে ভোট নিয়ে তাদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের জেনারেশনের যারা আছে, এটা তাদের অনেকেরই প্রথম ভোট।’

কুমিল্লা-৪ আসনে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার ভোটার প্রথমবার ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

ভোট ভয়ের বিষয় নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘দেবীদ্বারের মানুষের প্রতি আমার আহ্বান, যাকে ইচ্ছা তাকেই ভোট দিন।’

ভোটের কারণে যাতে কোনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন হাসনাত আবদুল্লাহ।