নির্বাচনের প্রথম দুই ঘণ্টায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটের ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও বড় ধরনের কোনো সহিংসতা বা গোলযোগের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দুই ঘণ্টার মধ্যেই প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা নিজেদের ভোট দিয়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষে তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে নারী ও প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে ভোট চলছে বলে জানিয়েছেন নিজস্ব প্রতিবেদক। ভোটকেন্দ্র থেকে তিনি জানান, ‘এখন পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণ রয়েছে। ভোটারদের উপস্থিতিও বেশ ভালো।’