​টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিজিটাল স্ট্রিমিংয়ে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

​টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ডিজিটাল স্ট্রিমিংয়ে দর্শক সংখ্যার আগের সব রেকর্ড চুরমার হয়ে গেছে। আইসিসি সোমবার জানিয়েছে, গত ৮ মার্চের ফাইনালে শুধুমাত্র ভারতেই একযোগে ৭ কোটি ২৫ লাখ (৭২.৫ মিলিয়ন) দর্শক অনলাইনে খেলাটি উপভোগ করেছেন, যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস। সব মিলিয়ে এই ম্যাচ মোট ৮০ কোটির বেশি মানুষ দেখেছেন বলে ধারণা করা হচ্ছে।

​১৪০ কোটি মানুষের দেশ ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা যে কতটা তুঙ্গে, এই পরিসংখ্যানকেই তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছে আইসিসি।

​ডব্লিউপিপি মিডিয়ার 'স্পোর্টিং নেশন' সাময়িকীতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বলেন, 'এই আয়োজনটি আবারও দেখিয়ে দিল যে, ক্রিকেটের সবচেয়ে বড় ও আবেগী বাজারে এই খেলাটিকে মানুষ কতটা ভালোবাসে।' ডিজিটাল মাধ্যমের পাশাপাশি প্রথাগত টেলিভিশন চ্যানেলগুলোতেও বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ খেলাটি দেখেছেন। প্রথাগত চ্যানেলের সুর্নিদিষ্টভাবে জানার উপায় নেই।

​আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট থাকা দলটি ফাইনালে কিউইদের দাঁড়াতেই দেয়নি।

জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিং আর সঞ্জু স্যামসনের রেকর্ড ৮৯ রানের ইনিংসে ভর করে বড় জয় পায় তারা।

​ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'জিওহটস্টার'-এর তথ্য উল্লেখ করে সঞ্জোগ গুপ্ত আরও জানান, ফাইনাল ম্যাচটি একযোগে ৭ কোটি ২৫ লাখ মানুষ সরাসরি স্ট্রিমিংয়ে দেখেছেন, যা এর আগে আর কখনো ঘটেনি।

​এর আগে গত ৫ মার্চ মুম্বাইয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে নতুন রেকর্ডের জন্ম হয়েছিল। সেই ম্যাচে ভারত ৭ রানে জিতেছিল। জিওহটস্টারের হিসাব অনুযায়ী, ওই ম্যাচটি একযোগে সর্বোচ্চ ৬ কোটি ৫০ লাখ মানুষ দেখেছিলেন।  তবে ফাইনালের মোট দর্শক সংখ্যা এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি।